হঠাৎ করেই আজ সকাল থেকে কেমন যেন প্রাণচাঞ্চল্য নেই শহরে। বৃহস্পতিবারের চেনা চেহারা নিয়ে আজ ফেরেনি ঢাকা। সকাল থেকে এই রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মহানগরে কোথাও দেখা যায়নি চিরচেনা সেই যানজট, সেই ঘণ্টার পর ঘণ্টা এক জায়গায় আটকে বসে থাকা। আজ প্রধান সড়ক থেকে উপসড়ক বা গলি- কোথাও যানজট লক্ষ করা যায়নি। সিগন্যাল ছাড়া দেখা যায়নি কোথাও গাড়ির জটলা।
তবে কেন আজকের এই ঢাকা প্রথাগতভাবে যানজটহীন তা জানতে ট্রাফিক বিভাগের একাধিক পরিদর্শক পদমর্যাদার (ট্রাফিক ইন্সপেক্টর) কর্মকর্তার সাথে কথা বললেও তারা কেউ এর সঠিক কারণ জানাতে পারেননি। তবে কেউ কেউ বলেছেন, আজ অনেকেই জানেন যে বড় দুটি রাজনৈতিক দলের সমাবেশ, তাই রাস্তায় বিনাপ্রয়োজনে বের হননি।
সে যা-ই হোক, মিরপুর থেকে বাংলা মোটর আসা এক যাত্রী বললেন, আমি প্রতিদিনই আসি মিরপুর থেকে বাংলা মোটর। অন্যদিনের থেকে আজকে সড়কে চাপ কম। আগারগাঁও, শেওড়াপাড়া, ফার্মগেটও তেমন জট ছিল না। তাই দ্রুতই পৌঁছাতে পেরেছি।
সদরঘাট থেকে বাসে চড়ে মিরপুর ১১ নম্বর এসেছেন মিয়া আব্দুল জলিল, তিনি বলেন, শহর ফাঁকা। অন্যদিন তিন-সাড়ে তিন ঘণ্টা লাগলেও আজ রাস্তায় মানুষ কম, তাড়াতাড়ি আসছি।
দক্ষিণখান থেকে শাহবাগ আসা এক যাত্রী বললেন একই কথা। তার দাবি, রাস্তায় মানুষ কম। তাই ফাঁকা। তিনি বললেন, আমি তো জানি আজ সমাবেশ। তা-ও রোগী দেখার প্রয়োজনে বের হয়েছি। তবে পথে বের হয়ে জানতে পেরেছি, আজ সমাবেশ হবে না। ভালো হয়েছে। তাড়াতাড়ি বাসায় ফিরতে পারব। আমি তো ধরেই নিয়েছিলাম রোগী দেখে বাসায় ফিরতে ফিরতে রাত হবে।
এ ছাড়াও একাধিক রিকশাচালক, সিএনজি অটোরিকশা চালক, বাসচালক এবং ট্রাফিক পুলিশ সদস্যের সাথে কথা বলে জানান গেছে, আগামীকালের পাল্টাপাল্টি কর্মসূচির চাপা আতঙ্কের কারণেই জটের শহর আজ অনেকটা ফাঁকা বলে মনে করছেন তারা।
এমবি





