রাত পোহালেই ঈদ। কিন্তু আগের বছরগুলোর মতো এবার ঈদের আগের দিন রাজধানীর রেলস্টেশন কিংবা বাস টার্মিনালে দেখা যায়নি নাড়ির টানে ঘরে ফেরা মানুষের ভিড়। এমনকি যাত্রী সংকটে বাতিল করা হয়েছে ১৬টি ট্রেনের যাত্রা।

আজ বুধবার সকালে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, স্টেশন প্রায় ফাঁকা। যাঁরা বিভিন্ন কারণে আগে ছুটি পাননি, মূলত তাঁরাই আজ বাড়ির উদ্দেশে রওনা হচ্ছেন। তবে তাঁদের সংখ্যা অনেক কম।

কমলাপুর রেলস্টেশনে বাড়ির উদ্দেশে রওনা হওয়া এক যুবক বলেন, ‘গতকাল ট্রেনের অবস্থা খুব খারাপ ছিল। মনে করেন এতটা ভিড় ছিল যে ওঠার মতো অবস্থা ছিল না। তো আজকে ট্রেন ফাঁকা। খুব আরামে বাড়িতে যেতে পারছি। এ জন্য আমরা খুব খুশি।’

এক নারী যাত্রী বলেন, ‘গতকাল আসছিলাম টিকেট নেওয়ার জন্য। অনেক ভিড় ছিল। কিন্তু আজকে অনেক ফ্রি আছে, ফাঁকা আছে। এ জন্য অনেক ভালোভাবে যেতে পারছি। সিটে বসতে পারলাম। উঠতে পারলাম ভালো মতো।’

কমলাপুর রেলস্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন খান জানান, এবারের ঈদে নয়দিন সরকারি ছুটি হওয়ায় যাত্রীরা আগেভাগেই বাড়ি চলে গেছে। আর এ কারণেই শেষ দিকে স্টেশনে যাত্রীর চাপ কম।

এ ছাড়া যাত্রীর অভাবে আজ দেশের বিভিন্ন রুটে মোট ১৬টি ট্রেনের যাত্রা (শিডিউল) বাতিল করা হয়েছে বলে জানান স্টেশন মাস্টার। সকাল থেকে যে কয়টি ট্রেন ঢাকা ছেড়েছে, সেগুলোতেও বেশ কিছু সিট ফাঁকা থাকতে দেখা যায়। অন্য ট্রেনগুলো নির্ধারিত সময়ে স্টেশন ছেড়ে গেছে বলেও জানান তিনি।

এদিকে রাজধানীর বাস টার্মিনালগুলোতেও একই চিত্র। যাত্রীদের কোনো ভিড় নেই। বাস কাউন্টারের কর্মকর্তাদের অনেকটা অলস সময় কাটাতে দেখা গেছে।

বাস কাউন্টারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, যাত্রীর চাপ না থাকায় অনেক বাসের নিয়মিত যাত্রা বাতিল করা হয়েছে।

এমই