কুষ্টিয়ার কুমারখালীতে হান্নান শেখ (৩২) নামে এক চোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মিরপুর গ্রামের এক মাঠের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় মস্তকবিহীন লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হান্নান শেখ পাশ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের রহমত শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে হান্নান শেখ বাড়ি থেকে বোয়ালিয়া বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়। তারপর থেকে সে নিখোঁজ। সোমবার সকালে কুমারখালী উপজেলার মিরপুর গ্রামের মাঠে এক ব্যক্তির হাত-পা বাঁধা অবস্থায় মাথা বিহীন লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে হান্নানের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তার পরিচয় নিশ্চিত করে।
স্থানীয়রা আরো জানান, হান্নান বোয়ালিয়া গ্রামের একজন চিহ্নিত চোর ছিলেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ড সম্পর্কে এখনো কোনো তথ্য জানা যায়নি। তদন্তের পর ব্যাপারটি নিশ্চিত করে বলা যাবে।
এমআইএস





