চট্টগ্রামের কর্ণফুলী থানার মইজ্যারটেক নামক এলাকা থেকে একটি দামি পাজেরো গাড়ি থেকে এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করেছে পুলিশ। একই সময় মদ বহনকারী গাড়িসহ ইমরান হোসেন খান বাবু নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
বুধবার ভোরে কর্ণফুলী থানার এসআই মোস্তাক আহাম্মদের নেতৃত্বে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়।
এসআই মোস্তাক আহাম্মদ জানান, কক্সবাজার সড়ক হয়ে দক্ষিণ চট্টগ্রাম থেকে বিপুল পরিমাণ চোলাই মদ নগরীতে পাচার হয়ে আসতে পারে এমন গোপন খবর ছিল সোর্সের মাধ্যমে। খবরের ভিত্তিতে এসআই মোস্তাক, এসআই সাকের আহাম্মদ, এএসআই হারুন, কামাল হোসেনসহ পুলিশের একটি চৌকস দল কর্ণফুলী নতুন ব্রিজ সংলগ্ন মইজ্যারটেক কর্ণফুলী আবাসিক এলাকার মুখে অবস্থান নেয়।
ভোর রাত ৪টার দিকে একটি ছাই কালো রংয়ের ল্যান্ড ক্রুইজার গাড়ি (ঢাকা মেট্রো-জ-৫০৭৮) সন্দেহজনকভাবে দ্রুত ও বেপরোয়া গতিতে পলায়নের চেষ্টা করলে পুলিশের সন্দেহ হয়। এই পুলিশ দল ধাওয়া করে পাজেরো গাড়িটি আটক করতে সক্ষম হয়। পরে গাড়ির ভেতর তল্লাশি চালিয়ে ২০টি প্লাস্টিকের কন্টেইনার ভর্তি প্রায় এক হাজার লিটার চোলাই মদ উদ্ধার করে। এই সময় গাড়ির আরোহী ইমরান হোসেন খান বাবুকে গ্রেফতার করা হয়।
এ ব্যাপারে কর্ণফুলী থানায় মাদক আইনে মামলা হয়েছে।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





