চোরাচালানের মাধ্যমে ভারত থেকে দেশে আনা বিপুল পরিমাণ ভারতীয় যৌনউত্তেজক ট্যাবলেটসহ বিভিন্ন প্রকার ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
সোমবার বেলা সাড়ে ১১টায় হিলি সীমান্তের চেংগ্রাম মাঠের মধ্যে থেকে বাসুদেবপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা ট্যাবলেটগুলো জব্দ করেন।
এ সময় সেখান থেকে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা ১৯ হাজার ৫০০ পিস, গরু মোটাতাজাকরণ ট্যাবলেট ৭৮ হাজার পিস এবং মাথা ব্যথানাশক ট্যাবলেট প্রাকটিন ৮০ হাজার পিস উদ্ধার করা হয়। এগুলোর মূল্য আনুমানিক ৯০ লাখ ১০ হাজার টাকা।
বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সীমান্তের চেংগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ ট্যাবলেটগুলো উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।
পরে উদ্ধার হওয়া ট্যাবলেটগুলো সিজার লিষ্টের মাধ্যমে হিলি শুল্কগুদামে জমা দেয়া হয় বলে তিনি জানান।
ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





