রাঙ্গামাটির জুরাছড়ি উপজেলায় এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম হেমন্ত চাকমা।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলা সদরের ধামাইপাড়ায় এ ঘটনা ঘটে।
হেমন্ত চাকমা উপজেলার ২ নম্বর বনযোগীছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
জানা গেছে, উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের এক বন্ধুর বাসায় রাতের খাবার খেয়ে সেখানে কথা বলছিলেন হেমন্ত চাকমা।
এ সময় অতর্কিত হানা দিয়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় একদল সশস্ত্র সন্ত্রাসী। এতে ঘটনাস্থলেই মারা যান হেমন্ত চাকমা।
ঘটনার জন্য সংস্কারবাদী জেএসএসকে দায়ী করে স্থানীয় অনেকে জানান, হেমন্ত চাকমা এক সময় সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস (মূল) দলের সঙ্গে সম্পৃক্ত থাকলেও পরে রাজনীতি ছেড়ে দেন। এ কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন, ঘটনাটি উপজেলা সদরে ঘটেছে। হেমন্তু চাকমা তার এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যান। সেখানে তাকে গুলি করে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
জুরাছড়ি থানার ওসি মো. মাহমুদুল হাই বলেন, ঘটনাস্থল গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা পুলিশের (গোয়েন্দা শাখা-১) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজিবুল্ল্যাহ জানান, নিহতের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে জুরাছড়ি থানা পুলিশ।
এমআর





