দিনাজপুরে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে দুই কলেজছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

দিনাজপুর সদর উপজেলার মোহনপুরে আত্রাই নদীতে ডুবে মুন্তাকিম ও সাকিব নামের ওই দুই ছাত্রের মৃত্যু হয়।
সোমবার বেলা সোয়া ৩টায় নদী থেকে তাদের লাশ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা।

মুন্তাকিম (১৭) দিনাজপুর শহরের ক্ষেত্রিপাড়া মহল্লার সাইদুর রহমানের ছেলে এবং সাকিব (১৭) শহরের মুন্সীপাড়া মহল্লার মমতাজউদ্দীনের ছেলে। এরা দুজনই দিনাজপুর হলিল্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র।

স্থানীয় শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছহাক আলী জানান, বেলা সাড়ে ১১টায় দুই বন্ধু আত্রাই নদীর মোহনপুর রাবার ড্যামের কাছে গিয়ে ছবি (সেলফি) তুলছিল। এ সময় পা পিছলে দুজনই নদীতে পড়ে গিয়ে গভীর পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করার চেষ্টা করেও না পাওয়ায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসার আগেই বেলা সোয়া ৩টায় স্থানীয় জেলেরা দুই কলেজছাত্রের লাশ উদ্ধার করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেদওয়ানুর রহিম তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এসএম