বরগুনার বামনা উপজেলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান রাব্বি শিকদার (১৯) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
বুধবার বিকেলে আমুয়া বামনা সড়কের ঢুসখালীতে মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি। এ সময় মোটরসাইকেলের চালক তার বন্ধু ইমন আহত হয়। রাব্বি উপজেলার পূর্ব শফিপুর গ্রামের মৃত বাদল শিকদারের বড় ছেলে।
বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুর রহমান বলেন, রাব্বি ও তার বন্ধু ইমন আমুয়া থেকে বামনা আসার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনা ঘটে। লাশ উদ্ধারে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমই





