ময়মনসিংহে হরতালের সমর্থনে ২০ দলীয় জোটের বিক্ষোভ মিছিল আটকে দিয়েছে পুলিশ। রোববার বিকালে মিছিলে পুলিশের বাধা পেয়ে সেখানেই সমাবেশ করেন জোটভুক্ত নেতাকর্মীরা।

দলীয় সূত্র জানায়, রোববার বিকালে শহরের হরি কিশোর রায় রোডের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির কার্যালয় থেকে হরতালের সমর্থনে মিছিল বের হয়। মিছিলটিকে নতুন বাজার মোড়ে পুলিশ আটকে দেয়।

পরে সেখানে সমাবেশে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, নগর বিএনপির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, সাবেক মহিলা এমপি নূরজাহান ইয়াসমীন, বিএনপি নেতা কাজী রানা, রতন আকন্দ, শহর জামায়াতের আমীর মাও.মোজাম্মেল হক আকন্দ, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ, জেলা ছাত্রদল সভাপতি রোকনোজ্জামান সরকার রোকন প্রমুখ।

বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদে ফিরিয়ে দেওয়ার বিধান রেখে সংসদে পাস হওয়া সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের দাবিতে সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে ২০ দলীয় জোট।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই