জাগৃতি প্রকাশণীর স্বত্তাধিকারী ফয়সাল আরেফিন দীপন হত্যা ও ব্লগারদের ওপর হামলার প্রতিবাদে এবং দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ময়মনসিংহে মানববন্ধন, মৌণ মিছিল ও স্বরাষ্টমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ শাখা।

আজ সোমবার বেলা দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে আধাঘণ্টা মানববন্ধন করে। মানববন্ধন শেষে একটি মৌণ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।

এতে বক্তব্য রাখেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ শাখার আহবায়ক আব্দুর রব মোশাররফ। পরে স্বরাষ্টমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শারমীন জাহান।

এসময় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহ শাখার সদস্য সচিব চন্দন বিশ্বাসসহ সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে একই দাবিতে শহরের পুস্তক বিক্রেতারা কালোব্যাচ ধারণ ও দুপুর ২টা পর্যন্ত দোকানপাটে ধর্মঘট পালন করেন।

এসএইচ