চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর ও নাচোল উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা চারটি বাড়িতে অভিযান শেষ হয়েছে।

এরমধ্যে একটি বাড়ি থেকে একটি ওয়ান শুটারগান, দুটি পিস্তল, একটি খেলনা পিস্তল, দুটি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা সোয়া ১১টায় এ অভিযান শেষ হয়। 

এর আগে মঙ্গলবার রাতে গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর বাজারপাড়া থেকে তিনকেজি গানপাউডার, একটি অস্ত্র, একটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলিসহ তিন ব্যক্তিকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই চারটি বাড়ি ঘেরাও করে অভিযান চালায় র‌্যাব।

র‌্যাব-৫ এর অধিনায়ক কর্নেল মাহবুব আলম অভিযান শেষে প্রেস ব্রিফিংয়ে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর সাড়ে ৪টার দিকে গোমস্তাপুর বাজার এলাকা থেকে তিনজনকে আটক করা হয়।

এরা হলেন, গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বালুগ্রাম শিমুলতলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে আব্দুস শুকুর (৩৩), চকপুস্তম এলাকার টুনু মড়লের ছেলে সাইফুল আলম (৪৩) ও বালুগ্রাম রাজারামপুর মহল্লার মৃত আব্দুল কুদ্দুসের ছেলে জাহাঙ্গীর আলম (৪৩)।

এদের দেওয়া তথ্যের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার বালুগ্রাম শিমুলতলা গ্রামের আব্দুস শুকুরের বাড়ি, চকপুস্তম এলাকার এজাবুল হকের বাড়ি, নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের আব্দুল মজিদের বাড়ি ও আলি সাহাপুর গ্রামের আফজালের বাড়িতে অভিযান চালানো হয়।

এরমধ্যে আব্দুস শুকুরের বাড়ি থেকে অস্ত্র, গুলি ও ম্যাগজিন উদ্ধার করা হয়। এর আগে চানপাড়া গ্রামের আব্দুল মজিদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

তিনি আরো জানান, গোমস্তাপুর বাজার থেকে অস্ত্র ও বিস্ফোরকসহ গ্রেফতার তিনজনের বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মামলা করা হবে।

এমএনজে