দুর্নীতি প্রতিরোধে সামাজিক প্রতিরোধের আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দীন।
সোমবার (১১ এপ্রিল) রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ চত্বরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত তথ্যমেলা ও গণশুনানি অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
তিনি বলেন, সমাজ থেকে দুর্নীতি দূর করতে হলে সবার আগে দরকার সামাজিক প্রতিরোধ গড়ে তোলা। সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করা না হলে শুধু আইন দিয়ে দুর্নীতি প্রতিরোধ করা কঠিন বলে মন্তব্য করেন তিনি।
রাজশাহীর চারঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জাকিউল ইসলামের সভাপতিত্বে গণশুনানিতে বিশেষ অতিথি ছিলন- দুর্নীতি দমন কমিশনের পরিচালক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সচেতন নাগরিক কমিটির নাটোর জেলার সভাপতি প্রফেসর জালাল উদ্দীন, টিআইবির প্রোগ্রাম ম্যানেজার কাজী শফিউর রহমান, রাজশাহীর পুলিশ সুপার নিশারুল আরিফ, উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ চাঁদ, পৌর মেয়র জাকিরুল ইসলাম বিকুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. সাইফুল ফেরদৌস প্রমুখ।
এর আগে একটি শোভাযাত্রা চারঘাট উপজেলা পরিষদ চত্বর থেকে বের করা হয়। শোভাযাত্রাটি চারঘাট বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শেষে প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. নাসির উদ্দীন উপজেলা পরিষদ চত্বরে তথ্যমেলার উদ্বোধন করেন।
ওএফ





