নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা খালেদা নাসরিনকে লাঞ্চিত করার প্রতিবাদ ও অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সভা ও র্যালি করেছে কবিরহাট শিক্ষক সমিতি।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সরকারি ছুটি না থাকলেও সংরক্ষিত ছুটি নিয়ে তারা এ কর্মসূচি পালন করেন। কর্মসূচীতে ৯৩টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫৫০জন শিক্ষক অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় কবিরহাট উপজেলা মিলনায়তনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় কবিরহাট উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল কাদেরর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কবিরহাট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) এ এস এম এহসান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার আবুল বাসার।
বক্তব্য রাখেন, শিক্ষক সমিতিরি সাধারণ সম্পাদক এ টি এম সাছল হক, আবুল কাশেম, মোহাম্মদ মহসিন, নূর নবী আফসার, সুলতান আহমেদ, আব্দুল করিম, আবুল কাশেম পারভেজ, হোসনে আরা বেগম, শিল্পি রানী সাহা, ফারহানা আক্তার প্রমুখ।
সভায় বক্তারা, শিক্ষিকা খালেদা নাসরিনের ওপর হামলাকারী নূর হোসেনকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় তারা আরো কঠোর কর্মসূচির ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
পরে শিক্ষকরা কবিরহাট উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের করেন। র্যালিটি কবিরহাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
প্রসঙ্গত, গত বুধবার আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিপিনের সময় স্থানীয় কমর আলী ব্যাপারী বাড়ীর নুর হোসেন ছেলে ও ওই বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র শাহদাত হোসেন অভি মাঠে খেলার সময় হোচঁট্ট খেয়ে পড়ে গিয়ে ডান কপাল ফেটে গিয়ে একটু আহত হয়। আহত ছাত্র অভিকে শিক্ষককেরা প্রাথমিক ভাবে অফিস রুমে চিকিৎসা দেওয়ার সময় নুর হোসেন বিদ্যালয়ে এসে উপস্থিত হয়।
এ সময় এ ঘটনায় সহকারি শিক্ষিকা খালেদা নাসরিনের ওপর ক্ষিপ্ত হয়ে শিক্ষিকাকে মারধর করে জখম করে নূর হোসেন। পরে অন্য শিক্ষকরা নাসরিনকে কবিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এনে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে এ ঘটনায় শিক্ষিকা খালেদা খানম বাদী হয়ে নুর হোসেনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
এমআইএস





