গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবন থেকে রবিবার দুপুরে সাজিনা খাতুন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাজিনা উপজেলার শালমারা ইউনিয়নের মিরাপাড়া গ্রামের সাবু মিয়ার মেয়ে। সে মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, সাজিনা খাতুন গত শনিবার বিকেলে বাড়ি থেকে মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।
রবিবার সকাল ৮টার দিকে স্থানীয় লোকজন ইউনিয়ন পরিষদের নব-নির্মিত ভবনের পাশে শিশুটির লাশ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠায়।ওসি মোজাম্মেল হক বলেন, শিশুটির মুখে আঘাতের চিহ্ন রয়েছে।
এআই





