বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ প্রভাবে ঝালকাঠিতে দুইদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবার সকাল থেকে কখনো হালকা বাতাস ও মাঝারি ধরণের বৃষ্টিপাত চলছে। এদিকে রোয়ানু মোকাবেলার জন্য গতরাত থেকে ঝালকাঠিতে ব্যাপক সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভার আয়োজন করা হয়। এসময় জেলা পর্যায়ে একটি ও জেলার ৪টি উপজেলায় একটি করেসহ মোট পাঁচটি কন্ট্রোলরুম খোলা রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের আওতায় মোট ৪০টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সভায় জেলার সব সাইক্লোন সেন্টার খোলা রাখা, জেলার ৪টি উপজেলা পরিষদ, ৩২টি ইউনিয়ন পরিষদ ও ২টি পৌরসভাকে সতর্ক থাকাসহ সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবারে সংশ্লিষ্ট সব দফতরের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থাকার নির্দেশনাও জারি করা হয়েছে।

ভারপ্রাপ্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক) মো. জাকির হোসেন সভায় সভাপতিত্ব করেন। অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ আবদুর রকিবসহ স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, শিক্ষা, মৎস্য, ত্রাণ বিভাগসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সরকারি-বেসরকারি সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।

এআই