পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মামুনর রশিদ পিঞ্জু শাহ আহত হয়েছে । বৃহস্পতিবার সন্ধ্যার পর তুষখালী খেয়াঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত পিঞ্জু উপজেলা ধানীসাফা গ্রামের শাহাজাহান হাওলাদারের ছেলে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পূর্ব শত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। আহত পিঞ্জু জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর তুষখালী খেয়াঘাটে স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেলকে নিয়ে দুই বন্ধু চা খাওয়ার জন্য নাসিরের চায়ের দোকানে যান।
এসময় প্রতিপক্ষ সাদ্দাম ও আরিফ বেপারীর নেতৃত্বে ৮/১০ জনের একদল যুবক তাদের ঘিরে ধরে। একপর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। প্রতিপক্ষের লোকেরা দেশীয় অস্ত্র দিয়ে ছাত্রলীগ নেতা পিঞ্জুকে কুপিয়ে দ্রুত পালিয়ে যায়।
এদিকে ছাত্রলীগ নেতা পিঞ্জু আহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ধানীসাফা ইউনিয়ন ছাত্রলীগ তাৎক্ষনিক সাফা বন্দর বাজারে প্রতিবাদ মিছিল বের করে। মঠবাড়িয়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জেড





