দুই বিচারককে বোমা মেরে হত্যার ঘটনায় ফাঁসি কার্যকর হওয়া জঙ্গি সংগঠন জেএমবি’র নেতা আসাদুল ইসলাম আরিফের (৪৫) লাশ দাফন হলো তার শ্বশুরবাড়ির এলাকার কবরস্থানে।

বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার সদর ইউনিয়নের উদয়পুর উত্তর কান্দি গ্রামের নুরানী মাদ্রাসার পাশে কাওছার মোল্লার বড় মেয়ে জামাই আরিফ। তিনি বরগুনা সদর উপজেলার ধলুয়া ইউনিয়নের বান্দারগাছিয়া গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে।

আরিফের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন ও তার ভগ্নিপতিরা জানাজায় অংশগ্রহণ করে। জানাজা শেষে রোববার রাত ১ টা ২০ মিনিটের সময় এ দাফন সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম।

খায়রুল আনাম বলেন, রাত ১ টার দিকে খুলনা থেকে আরিফের লাশ বহন করা এম্বুলেন্স মোল্লাহাট এসে পৌছায়। জানাজা শেষে উদয়পুর গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে ১ টা ২০ মিনিটে লাশ দাফন করা হয়।


এমএনজে