খুলনার চার হাসপাতালে করোনাভাইরাসে ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে।
গতকাল সকাল থেকে আজ (২৫ জুলাই) রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালে ৫ জন, শহীদ শেখ আবু নাসের হাসপাতালের করোনা ইউনিটে ২ জন, খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ১ জন এবং গাজী মেডিকেল হাসপাতালের করোনা ইউনিটে ৩ জনের মৃত্যু হয়েছে।
খুলনার শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ডা. প্রকাশ দেবনাথ। বর্তমানে এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৪১ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১০ জন।
খুলনা ডেডিকেটেড করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালটিতে চিকিৎসাধীন ১১০ জন। এর মধ্যে রেড জোনে ৩৯ জন, ইয়েলো জোনে ৩৮ ও আইসিইউতে ২০ জন।
গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ৩ জনের মৃত্যু হয়েছে। বেসরকারি এ হাসপাতালের চিকিৎসাধীন আরও ৭৬ জন।
খুলনা জেনারেল হাসপাতালের ৮০ শয্যার করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ বলেন, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ১ জনের মৃত্যু হয়েছে। এ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন ৩৫ জন।
এমবি





