দীর্ঘ ১৯ বছর অপেক্ষার পর রাজশাহী মহানগরীতে নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম কারা একাডেমি (ট্রেনিং ইনস্টিটিউট)।
আগামী ১৩ আগস্ট ১২৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত কারা প্রশিক্ষণ একাডেমিকে পূর্ণাঙ্গ কারা একাডেমি হিসেবে ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে। কারাগারের নিজস্ব জমিতেই নির্মাণ করা হবে একাডেমিক ভবনটি এবং রাজশাহী কারাগার এর পরিচালনার দায়িত্বে থাকবে। পৃথক প্রশাসনের মাধ্যমে এক সঙ্গে আড়াই শ’ কারারক্ষীকে একাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে।
ওই দিন একাডেমির প্যারেড গ্রাউন্ডে কারারক্ষী ও নারী কারারক্ষী ৩৮তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
গত ১৭ এপ্রিল একাডেমি নির্মাণের উদ্দেশে রাজশাহী কারাগার পরিদর্শন এবং তথ্য সংগ্রহ করেন কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন।
রাজশাহী কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, গত ১৯ বছর ঢাকা জনপ্রশাসন অধিদফতরে দেশের প্রথম কারা একাডেমি নির্মাণের ফাইলটি লাল ফিতার ফাইলে বন্দি অবস্থায় পড়ে থাকায় প্রকল্পটির রাজশাহীতে বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল।
এর আগে ১৯৯৫ সালে কারা একাডেমির প্রকল্পটি গ্রহণ করা হয় এবং প্রকল্প কর্মকর্তাও নিয়োগ দেওয়া হয়। জনপ্রশাসন অধিদফতর ঘুরে প্রকল্প বাস্তবায়নে দুই বছর সময় লাগার কথা থাকলেও কোনো এক অজানা কারণে ১৯ বছর পর আলোর মুখ দেখতে যাচ্ছে এটি।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাফিকুল ইসলাম খান জানান, গত ১৭ এপ্রিল কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন রাজশাহী কারাগার পরিদর্শনে এসে পুনরায় উদ্যোগটি গ্রহণ করলে প্রকল্পটি গতি ফিরে পায়।
এরই ধারাবাহিকতায় আগামী ১৩ আগস্ট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থেকে একাডেমি নির্মাণের ষোষণা দেওয়ার কথা রয়েছে।
তিনি আরও জানান, এখন কেবল ঘোষণার অপেক্ষা। ঘোষণা হলেই কারা একাডেমির জন্য ভবন নির্মাণ কাজ শুরু হবে। নির্মাণ কাজ শেষ হলে এটি হবে দেশের প্রথম কারা একাডেমি। কয়েদীদের সঙ্গে আচরণ কেমন হওয়া উচিৎ তা অবশ্যই কারারক্ষীদের জানতে হবে।
তত্ত্বগত প্রশিক্ষণের পাশাপাশি গবেষণার মাধ্যমেও কারারক্ষীদের প্রশিক্ষণ দেওয়া হবে বলেও জানান তিনি।
ঢাকা, ১০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





