দিনাজপুরের কাহারোল উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার দশ মাইল-ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের ১১ মাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক (ডিএডি) মো. রফিকুজ্জামান জানান, ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাস ১১ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা প্রাইভেট কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের চালক শাহ জাহান আলীসহ (৪০) তিনজন নিহত হয়। নিহত অন্য দুজন প্রাইভেট কারের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম পাওয়া যায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্ঘটনার পর এলাকাবাসী সড়ক অবরোধ করে। ফলে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
এমএ





