বান্দরবানে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান ও সহ-সভাপতি হাবিবুর রহমানকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার দুপুরে বান্দরবান বাজারের দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েলের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইয়াছিনুল হক রিপন, জাহেদুল হক ছোট্টু, যুগ্ম-সম্পাদক ফারুক আহমদ, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবলু, দফতর সম্পাদক ফরহাদ হোসেন জিকু, প্রচার সম্পাদক শাহাদাত হোসেনসহ সংগঠনের সম্পাদকমণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল সভাপতি সাবিকুর রহমান জুয়েল বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সংগঠনের মধ্যে নৈরাজ্য সৃষ্টিসহ সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত থাকায় ছাত্রদলের সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতিকে বহিষ্কার করা হয়েছে। সম্পাদকমণ্ডলীর জরুরি এক সভায় সর্বসম্মতিক্রমে বহিষ্কারের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অপরদিকে বিকালে চৌধুরী মার্কেটের বিএনপির অস্থায়ী কার্যালয়ে বহিষ্কৃত সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ছাত্রদলের একাংশ জরুরি সভা ডেকে জেলা ছাত্রদলের সভাপতি সাবিকুর রহমান জুয়েলকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে সুযোগ-সুবিধা গ্রহণ ও সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে সভাপতি পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়।

সভায় জেলা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক দৌলতুল কবির খান, সহ-সভাপতি হাইনু মং মারমা, জিয়া উদ্দিন, যুগ্ম-সম্পাদক ওমর ফারুক রাশেদসহ একাংশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদলের বহিষ্কৃত সহ-সভাপতি হাবিবুর রহমান বলেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদকের সঙ্গে গোপন আঁতাতের মাধ্যমে অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়া এবং আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নের সংগঠনবিরোধী নানা কর্মকাণ্ডের লিপ্ত থাকার প্রমাণ রয়েছে। একই অভিযোগে সম্প্রতি ছাত্রদলের সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা জেলা ছাত্রদল সভাপতির বিরুদ্ধে অনাস্থা দেন।

কেএইচ