সেনাবাহিনীর কাছে অস্ত্র আছে, তাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রয়োজন নাও হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী।
আজ (২৩ নভেম্বর) শুক্রবার বরিশালে আসন্ন নির্বাচনে নারীদের অংশগ্রহণ বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এইকথা বলেন।
শাহাদাৎ হোসেন চৌধুরী বলেছেন, সেনাবাহিনীর কাছে অস্ত্র আছে, তাদের হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রয়োজন নাও হতে পারে। সেনাবাহিনীর কাছে নির্বাচন কমিশন যে কাজটা চাচ্ছে, বিদ্যমান আইনেই যদি সেটা সম্ভব হয়, তাহলে সেটাই শ্রেয় এবং সেটাই হয়ে আসছে।
নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা চালাচ্ছে। এতে সবার জন্য সমান সুযোগ তৈরি হবে। আর প্রশাসনের কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকলে নির্বাচন কমিশন খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেবে।”
তিনি বলেন, “নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক, নির্বাচন কমিশন তা চাইবে না। তাই নির্বাচন কমিশন গ্রহণযোগ্য একটা নির্বাচন উপহার দেওয়ার সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।”
“একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যত রকমের নির্বাচনী আইন আছে, তা ব্যবহারের মাধ্যমে ভালো নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন।” বলেন শাহাদাৎ হোসেন চৌধুরী।
এমবি





