রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক চাল কল মালিক।

রোববার দুপুরে পুঠিয়ার চাল কল মালিক নজরুল ইসলাম রাজশাহীর সহকারী জজ আদালতে এই মামলাটি করেন।

মামলায় চাল সংগ্রহ অভিযানে বৈষম্যের অভিযোগ করা হয়েছে। এতে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক, জেলা খাদ্য নিয়ন্ত্রক, পুঠিয়া ও দূর্গাপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে বিবাদী করা হয়েছে।

আদালত অভিযোগটি আমলে নিয়ে তিন দিনের মধ্যে বিবাদীদের কারণ দর্শানোর আদেশ দিয়েছে।

মামলার বাদী নজরুল ইসলাম জানান, পুঠিয়া উপজেলায় তার ৩৪টি চাল কল রয়েছে। কিন্তু সরকারিভাবে চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৬৯ মেট্রিক টন। আর একই নির্বাচনী এলাকা দূর্গাপুরে ৮টি চালক থাকলেও সেখানে বরাদ্দ দেয়া হয়েছে ১২৮০ মেট্রিক টন।

তিনি বলেন, এতে বৈষম্য করে পুঠিয়ার ব্যবসায়ীদের বঞ্চিত করায় তিনি এই মামলাটি করেছেন।

জেলা প্রশাসক চাল সংগ্রহ অভিযানের সভাপতি হওয়ায় তাকে এক নম্বর বিবাদী করা হয়েছে বলেও জানান নজরুল ইসলাম।

কেএইচ