জঙ্গি সংগঠন আল কায়দা বাংলাদেশের প্রধান সমন্বয়ক মাওলানা মাঈনুল ইসলাম ও উপদেষ্টা মুফতি জাফর আমিনসহ ১২ জঙ্গীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার গভীর রাতে রাজধানীর মিরপুর, সদরঘাট ও বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদী বই জব্দ করা হয়েছে বলে জানান র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।

তিনি বলেন, মাওলানা মাইনুল ইসলাম ও মুফতি জাফর আমিনসহ আটকরা বাংলাদেশে দক্ষিণ এশিয়া ভিত্তিক আল কায়দার কার্যক্রম চালিয়ে আসছিলো। তবে তাৎক্ষণিক ভাবে আটক সবার নাম জানা যায়নি।

এ বিষয়ে দুপুর ১২টায় র‌্যাব সদর দফতরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান মেজর মাকসুদুল আলম।

এআর