সুপ্রিম কোর্টের হাইকোর্ট অ্যানেক্স ভবনের ১৭ নম্বর আদালতের এজলাসকক্ষের ভেতরে বইয়ের মধ্যে পাওয়া গেছে আরো দুটি বোমাসদৃশ বস্তু।
রোববার বিকেল ৫টার দিকে এ দুটি বোমাসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়।
অ্যানেক্স ভবনের ১৭ নম্বর আদালতে বিচারপতি নিজামুল হক ও বিচারপতি নূরুল হুদা জায়গীরদারের হাইকোর্ট বেঞ্চ বিচারকাজ পরিচালনা করেন। এর আগে দুপুরে একই ভবনের ৯ নম্বর আদালতের ভেতরে বইয়ের মধ্যে পাওয়া যায় একটি বোমাসদৃশ বস্তু।
বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা মহানগর পুলিশের বোমা-ডিসপোজাল ইউনিট এটি সরিয়ে নিয়ে যায়। ডিএমপির সিনিয়র সহকারী পুলিশ কমিশনার রহমতউল্লাহ চৌধুরী সাংবাদিকদের জানান, আদালতকক্ষে রাখা বইয়ের মধ্য থেকে বোমাসদৃশ ওই বস্তু উদ্ধার করা হয়েছে। বোমা-ডিসপোজাল ইউনিটের পরীক্ষা-নিরীক্ষা শেষে বস্তুটি বোমা কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
অ্যানেক্স ভবনের ৯ নম্বর আদালতে বিচারপতি জিনাত আরা ও বিচারপতি মো. হাবিবুল গনি বিচারকাজ পরিচালনা করেন।
এদিকে, একই দিনে এ রকম তিনটি বোমাসদৃশ বস্তু উদ্ধার হওয়ায় হাইকোর্ট জুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার এস এম কুদ্দুস জামান জানান, বস্তুগুলো ককটেলের মতোই দেখতে। বোমা অপসারণ দলকে খবর দেওয়ার পর তারা এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
জেআই





