দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি টানা ৬ দিন পুরোপুরি বন্ধ থাকবে। এসময় বাংলাদেশ-ভারত দু’দেশের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সকল কার্যক্রম বন্ধ থাকবে। তবে চালু থাকবে ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত। ঈদুল ফিতর উদযাপন উপলক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

২৭ জুলাই রোববার হতে ১ আগষ্ট শুক্রবার পর্যন্ত বন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকবে। ২ আগষ্ট শনিবার পুনরায় এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি চালু হবে।

বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম শাহিন জানান, ঈদুল ফিতর যথাযথ পালনের জন্য বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্ট এসোসিয়শনের এক বৈঠকে এ বন্দর দিয়ে দু’দেশের মাঝে ৬ দিন আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রাখার সিন্ধান্ত নেয়া হয়েছে। সে সিন্ধান্ত মোতাবেক এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বিষয়টি ভারত হিলি এক্সপোর্টার এন্ড সি এন্ডএফ এজেন্ট এসোসিয়েশন, আমদানি রপ্তানিকারকসহ বন্দর সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা খাজা মুদ্দিন জানান, ঈদ উপলক্ষে বন্দর দিয়ে দু’দেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত চালু থাকবে।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ