রাজধানীর মগবাজারে ট্রেনে কাটা পড়ে আজাহার হোসাইন (৪৫) নামে হলি ফ্যামিলি হাসপাতালের এক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

আজাহার হোসাইন বরিশাল জেলার আগৈলঝাড়া থানার শেরাল গ্রামের মৃত মমিনউদ্দিন বেপারীর ছেলে।
রোববার (১০ এপ্রিল) বিকেল সোয়া ৩টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

হলি ফ্যামিলি হাসপাতালের জেনারেল স্টোরের ডেপুটি অফিসার হিসেবে কর্মরত ছিলেন আজাহার।
হলি ফ্যামিলি হাসপাতাল ইনচার্জ নুরজাহান বেগম জানান, দুপুরে মগবাজার ওয়্যারলেস পেয়ারাবাগ এলাকায় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান আজাহার। তিনি এক ছেলে, এক মেয়ের জনক।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী সুরমা এক্সপ্রেসের একটি ট্রেন মগবাজারের পেয়ারাবাগ এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি হস্তান্তরের প্রস্তুতি চলছে।

এম আর