আমরা বলব, চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন ভালো নির্বাচন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব মোহাম্মদ আলমগীর।
বুধবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রতিক্রিয়ায় তিনি এই কথা জানান।
আজ সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভোট চলাকালে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে একজন নিহত হওয়া ছাড়াও ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত হয়েছেন। এছাড়া কেন্দ্রে ইভিএম ভাঙচুরসহ বিভিন্ন স্থানে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে।
ভোট শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইসি সচিব মোহাম্মদ আলমগীর বলেন, “আমরা বলব যে, ভালো নির্বাচন হয়েছে। তবে দুটি কেন্দ্রে শুধু, বিশৃঙ্খল লোকজন যারা ইভিএমের ব্যাপারে ইন্টারেস্ট নাই, ইভিএমে ভোট হোক তারা চায় না, তারা সেখানে আক্রমণ চালিয়েছে। সেখানে ইভিএম ক্ষতিগ্রস্ত হওয়ায় দুটি কেন্দ্রে নির্বাচন স্থগিত করেছি।”
“এছাড়া অন্য কেন্দ্রগুলোতে অত্যন্ত স্বাভাবিকভাবে নির্বাচন হয়েছে। এবং অত্যন্ত ও সুশৃঙ্খলভাবে জনগণ যারা ভোট দিতে আসছিল তারা ভোট দিয়ে গেছে”, যোগ করেন ইসি সচিব।
এমবি





