ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যতোদিন পর্যন্ত সীমান্তে বেসামরিক বাংলাদেশিদের হত্যা বন্ধ না করছে ততোদিন পর্যন্ত প্রতিটি আলোচনায় এ বিষয়টি গুরুত্বের সঙ্গে তোলা হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
দিল্লিতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর চার দিনের সম্মেলনের শেষ দিন রোববার বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ ফেলানী হত্যাকাণ্ডেরও নিরপেক্ষ বিচার চায়। “সীমান্ত হত্যা যতক্ষণ না পুরোপুরি বন্ধ হচ্ছে, ততক্ষণ আমরা এ বিষয়টি তুলতেই থাকব। আমাদের প্রতিটি আলোচনায় এ প্রসঙ্গ আসবে।”
২০১১ সালে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে পঞ্চদশী ফেলানী খাতুনকে গুলি করে হত্যা করে বিএসএফ ১৮১ ব্যাটালিয়নের চৌধুরীহাট ক্যাম্পের এক জওয়ান। কাঁটাতারের বেড়ায় ৫ ঘণ্টা ফেলানীর লাশ ঝুলে থাকার ছবি দেশি-বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে ব্যাপক সমালোচনা হয়।
ওই ঘটনায় বিএসএফের বিশেষ আদালতে হাবিলদার অমিয় ঘোষ গুলি করার কথা স্বীকার করলেও তিনি ‘নির্দোষ’ বলে রায় দেয় আদালত। তীব্র প্রতিক্রিয়ার মুখে বিএসএফ পরে এ মামলা পুনর্বিচারের সিদ্ধান্ত নেয়।
বিএসএফের মহাপরিচালক দেবেন্দ্র কুমার পাঠক বলেন, “আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, ফেলানী হত্যার ঘটনায় দ্রুত ও নিরপেক্ষ বিচার হবে।”
সাম্প্রতিক সময়ে সীমান্তে বিএসএফের হাতে বেসামরিক বাংলাদেশি নিহতের ঘটনা কমে আসার বিষয়টি স্বীকার করেন বিজিবি মহাপরিচালক। তিনি জানান, গত বছর বাংলাদেশ-ভারত সীমান্তে মোট ২৮ জন বাংলাদেশি বিএসএফের হাতে নিহত হয়েছেন, যা আগের বছরের তুলনায় কম।
সম্প্রতি মেহেরপুরে বিএসএফের হাতে এক বাংলাদেশি নিহতের ঘটনা তুলে ধরে দেবেন্দ্র পাঠক বলেন, কেবল বাধ্য হলে তবেই বিএসএফ সীমান্তে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে।
চার দিনের এই সীমান্ত সম্মেলনে মানব পাচার, অবৈধ অনুপ্রবেশ, জাল মুদ্রা ও অস্ত্র পাচারের মতো বিষয় নিয়েও আলোচনা হয়।
মেজর জেনারেল আজিজ বলেন, বাংলাদেশ হয়তো অস্ত্র পাচারের পথ হিসাবে ব্যবহৃত হয়, কিন্তু বাংলাদেশের মাটিতে অবৈধভাবে কোনো অস্ত্র তৈরি হয় না।
তারপরও অস্ত্র চোরাচালান ঠেকাতে বাংলাদেশ বিএসএফের সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করবে বলে জানান তিনি।
বাংলাদেশ থেকে ভারতে ‘অবৈধ অভিবাসনের’ অভিযোগের বিষয়ে বিজিবি মহাপরিচালক বলেন, “এ ধরনের অভিযোগের সত্যতা নেই, তবে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঘটে থাকতে পারে। এ ধরনের ঘটনা বন্ধে বাংলাদেশ আন্তরিক।”
বাংলাদেশের মাটি থেকে ভারতের বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী সংগঠনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ নিয়েও সম্মেলনে আলোচনা হয়। বাংলাদেশে এ ধরনের ৭১টি ঘাঁটির তথ্যও বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





