নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিভাগের ছাত্র নিখোঁজ তৌহিদুল ইসলাম লিপুকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে তার পরিবার ও সহপাঠীরা।

শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- নিখোঁজ ছাত্রের চাচা আসাদুল ইসলাম, মফিজুল ইসলাম, চাচাতো ভাই রনিসহ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের লিপুর সহপাঠীরা।

মানববন্ধনে বলা হয়, গত ৩১ আগষ্ট তৌহিদুল ইসলাম লিপু গ্রামের বাড়ি কুষ্টিয়ায় যায়। ওইদিন সে মোটরসাইকেল করে ঈশ্বরদী আসলে তার কয়েকজন বন্ধু তাকে অপরহরণ করে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এই ঘটনায় লিপুর বাবা ওবায়দুল ইসলাম কুষ্টিয়া সদর থানায় একটি জিডি করেন। পরবর্তীতে লিপুর কয়েকজন বন্ধুসহ মোট ১২ জনকে আসামি করে মামলাও দায়ের করা হয়।

চাচা আসাদুল ইসলাম বলেন, মামলার পর কুষ্টিয়া সদর থানা পুলিশ মাহাবুব নামের একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে পাবনার রূপপুর থেকে লিপুর ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করে।

তিনি বলেন, বর্তমানে অপরহরণকারীরা দুই লাখ বিকাশ করে দিতে চাপ দিচ্ছে। নতুবা তাকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে। এমতবস্থায় তাকে সুস্থ অবস্থায় উদ্ধারের দাবি জানাচ্ছি।

এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়ার সদর থানার উপ-পরিদর্শক (এসআই) তোফাজ্জল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা ঘটনার পর থেকে আসামি গ্রেফতার ও লিপুকে উদ্ধারের চেষ্টা করছি। ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ