জাতীয়তাবাদী ছাত্রদলের আহবানে আজ রবিবার চট্টগ্রামে অর্ধদিবস হরতাল চলছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক নূরুল আলম নূরু (৪৫) হত্যার প্রতিবাদে এ হরতাল আহবান করা হয়।
পুলিশের কড়া নজর দাবী রয়েছে নগর জুড়ে। পুলিশের চোখ এড়িয়ে সকালে নগর ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে নগরীর কাজীর দেউড়ি, জামালখান, নিউ মার্কেট এলাকায় নেতাকর্মীরা মিছিল করেছে।
সকাল পৌনে ১০টার দিকে দক্ষিণ জেলা ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নাসিমন ভবনের দিকে যাওয়ার সময় নূর আহমদ সড়কে পুলিশ ধাওয়া দিয়ে এবং লাঠি চার্জ করে ৬ জনকে আটক করে নিয়ে যায়। তাদের মধ্যে ৩ জন হলেন-গাজি মনির, মহসিন খোকন, ও ইসতেহাক মানিক।
এর আগে সকাল সাড়ে ৯টায় দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে মিছিলের চেষ্টা করে নগর মহিলা দল। এসময় পুলিশ তাদের বাধা দিলে মহিলাদলের নেত্রীদের সাথে পুলিশের হাতাহাতির চেষ্টা করে। পুলিশ নগর মহিলা দল নেত্রী আঁখি সুলতানাসহ কয়েকজনকে আটকের চেষ্টা চালায়। তবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
হরতালে নগরী জুড়েই সকাল থেকে ছোট বড় যানবাহন চলছে। তবে নগরী থেকে অন্যন্য জেলার যানবাহন চলাচল বন্ধ রয়েছে বলে জানাগেছে।
এদিকে নগর বিএনপি সভাপতি ডাক্তার শাহাদাত ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্করের নেতৃত্বে নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে ছাত্রদলের কিছু নেতাকর্মী অবস্থান করছেন। সেখানে মহিলা দলের নেত্রীদের দেখা গেছে। বিএনপি অফিসের বাইরে পুলিশ অবস্থান নিয়েছে। কোন নেতাকর্মীকে বের হতে দিচ্ছে না। এবং রাস্তায় জড়ো হতে দিচ্ছে না।
কোতোয়ালী থানার ওসি জসিম উদ্দিন জানান, হরতালে সব কিছু স্বাভাবিক রয়েছে। কোথাও কোন সমস্যা হচ্ছেনা। আমরা কাউকে হরতালের নামে নাশকতা বা গাড়ি ভাঙচুর করতে দেবো না। নগর জুড়ে বিপুল পরিমান পুলিশ মোতায়েন রয়েছে। সর্তক অবস্থানে আছে পুলিশ। এসএসসি পরিক্ষার্থীরা যাতে নির্ভিগ্নে কেন্দ্রে যাতায়াত করতে পারে সে ব্যবস্থা নেয়া হয়েছে।
মাসুম/এমবি





