চাঁদপুরে মাইজভাণ্ডারের ওরশ শরীফে গান বাজানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দুই পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার রঘুনাথপুর ওয়াবদা এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে একটি পক্ষ।

আহতদের মধ্যে চাঁদপুর পুরানবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মাহাবুব মোল্লা (৩২) ও কনস্টেবল খোরশেদ আলম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাৎক্ষণিক আহত অন্যদের নামপরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রঘনাথপুর ওয়াবদা এলাকায় মইজভাণ্ডারের ওরশ শরীফ চলছিলো। ওরশে উচ্চ শব্দে গানবাজনা চলছিলো। এ সময় কয়েকজন যুবক উচ্চশব্দে গান না বাজানোর অনুরোধ করে। গান বাজনা না থামায় একপর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টাধাওয়া শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের ওপর ইটপাটকেল ছোঁড়ে তারা। এ সময় পুলিশের উপ-পরিদর্শক মাহাবুব মোল্লা ও কনস্টেবল খোরশেদ আলম আহত হন।

মাইজভাণ্ডারের মাজার শরীফের তত্বাবধায়ক মুসলিম ফকির জানান, এখানে দীর্ঘদিন ধরে ওরশ শরীফ উদযাপিত হয়ে আসছে। ওরশ চলাকালে কিছু যুবক চাঁদা দাবি করে। চাঁদা না দেয়ায় তারা এ হামলা চালায়।

চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কেএইচ