চাপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের পাইলিং মোড়ে ট্রাকের সঙ্গে মিশুকের সংঘর্ষে শেরিনা খাতুন (৪০) নামে এক নারী নিহত ও একই পরিবারের তিনজনসহ সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেরিনা খাতুন শিবগঞ্জ উপজেলার ১৩ রশিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন-রনি, এজাবুল, মোয়াজ্জেম, জাকেরা, রিফাত ও অজ্ঞাতপরিচয় আরও দুইজন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে সোনামসজিদগামী একটি ট্রাক পাইলিং মোড়ে চাঁপাইনবাবগঞ্জগামী একটি মিশুককে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শেরিনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়। এসময় আহত হয় একই পরিবারের তিনজনসহ সাতজন। এদের মধ্যে পাঁচজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শিবগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকসহ এর চালক তোফাজ্জল হোসেনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমআর