শহরে তিনটি পৃথক হামলার ঘটনায় যুবলীগ সমর্থিত ইউপি সদস্য, আওয়ামী লীগ নেতা ও ছাত্রলীগ কর্মীসহ ৪ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এ পৃথক ঘটনা ঘটে।
আহতরা হলেন-সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ও জেলা যুবলীগ কর্মী আসাদুজ্জামান সুজন, সদর পৌর সভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন মিয়া এবং ছাত্রলীগ কর্মী অমিত কুমার ও শিপন।
আহত ইউপি সদস্য ও যুবলীগ কর্মী আসাদুজ্জামান সুজন জানান, তিনি রাত সাড়ে ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমির সামনে দিয়ে আরাপপুর যাচ্ছিল। এসময় ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ ডা. জাহিদ।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিল্পকলা একাডেমি সংলগ্ন জমি রেজিস্ট্রি অফিসের টাকা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ কর্মী রাসেলের সঙ্গে যুবলীগকর্মী ও ইউপি সদস্য আসাদুজ্জামান সুজনের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে তাকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষরা।
এ ঘটনার কিছুক্ষণ পর সদর থানা থেকে কাজ শেষে বাড়ি ফিরছিল ছাত্রলীগ কর্মী অমিত কুমার ও শিপন। এসময় তারা শহরের পোস্ট অফিস মোড়ে পৌঁছালে দুর্বৃত্তরা তাদের কুপিয়ে আহত করে।
সর্বশেষ পায়রা চত্বর এলাকায় রাত ১১টার দিকে সদর পৌর সভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তপন মিয়াকে পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা।
সদর থানার উপ-পরিদর্শক উজ্জ্বল মৈত্র এসব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে প্রতিপক্ষরা এসব ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও যেকোন ধরনের সহিংস পরিস্থিতি এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার পর থেকে শহরে থমথমে অবস্থা বিরাজ করছে।
ঢাকা, ১২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





