জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে দলটির ডাকা হরতালের সমর্থনে সকাল সোয়া সাতটার দিকে খুলনা মহানগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় ঝটিকা মিছিল করেছে শিবির নেতাকর্মীরা।

এদিকে, বুধবার (২৯ অক্টোবর) দিনগত মধ্যরাত থেকে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর পর্যন্ত নগরীর ৮টি থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, নগরীর ৮টি থানা এলাকায় অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের ২৬ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

হরতালের বিষয়ে তিনি জানান, নগরীজুড়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চলছে জামায়াতের ডাকা হরতাল। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরীতে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া টহল দিচ্ছে বিজিবি ও র্যা ব সদস্যরা।

হরতালের কারণে খুলনায় ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সোনাডাঙ্গা বাস টার্মিনাল থেকে ছাড়েনি দূরপাল্লার কোনো যান। তবে রিকশা, বেবি ট্যাক্সি ও ইজি বাইক চলাচল করছে। ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলছে দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান।

বুধবার (২৯ অক্টোবর) জামায়াতের আমির মতিউর রহমান নিজামীকে ফাঁসির দণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায়ের প্রতিবাদে বৃহস্পতি, রবি ও সোমবার সারাদেশে পৃথকভাবে ৭২ ঘণ্টার হরতাল ডাকে জামায়াত।

কেএইচ