চট্টগ্রাম মহানগর পুলিশের তালিকাভুক্ত আসামী, নগর ছাত্রদলের প্রাক্তন দফতর সম্পাদক টিংকু দাশকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত ৮টার দিকে চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে নগরীর পাঁচলাইশ থানা পুলিশ।

রাত সাড়ে ১২টায় টিংকু দাশকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ।

পুলিশ জানায়, সন্ধ্যায় মুরাদপুর এলাকায় পুলিশ চেক পোস্ট বসিয়ে বিভিন্ন মোটরসাইকেল তল্লাশি করার সময় রাত ৮টার দিকে একটি মোটরসাইকেলকে থামার সংকেত দেয় পুলিশ। এই সময় মোটরসাইকেল থেকে নেমে এক যুবক দ্রুত দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের পর দিন রাতে নগরীর নাসিরাবাদে মিছিল থেকে একটি হিউম্যানহলারে পেট্রলবোমা ছুড়লে চালক মিতুল মিয়া দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় ১০ জানুয়ারি ভোরে মিতুল চমেক হাসপাতালে মারা যান। এ ঘটনায় ১৪ জানুয়ারি সুজা মিয়া (৫০), নজরুল ইসলাম (৩০) ও ওসমান গনি (২৯) নামে বিএনপি ও ছাত্রদলের তিনকর্মীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর ১৫ জানুয়ারি নজরুল ও ওসমান আদালতে পেট্রলবোমা ছুড়ে চালক হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। জবানবন্দিতে তারা জানান, ঘটনার দিন তারা টিংকু দাশের নেতৃত্বে মিছিল বের করেন এবং তিনি তাদের পেট্রলবোমা ছুড়ে গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

গত বছরের ৬ ফেব্রুয়ারি পাঁচলাইশ থানা পুলিশ একই এলাকা থেকে পুলিশ টিংকু দাশকে গ্রেফতার করেছিল। পরে সে জামিনে মুক্তি পায়। তার বিরুদ্ধে পেট্রলবোমা ছুড়ে মিতুল হত্যাসহ বিভিন্ন সন্ত্রাসী ও চাঁদাবাজির ঘটনায় একাধিক মামলা রয়েছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল।

এমকে