নির্দিষ্ট হারে ক্ষতিপূরণ দাবিতে রানা প্লাজা ধ্বংসস্তূপ এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন পোশাক শ্রমিকরা। এসময় বিভিন্ন শ্রমিক সংগঠন কর্মসূচিতে একাত্ম পোষণ করে। কর্মসূচিতে বেশ কয়েকশ ক্ষতিগ্রস্ত শ্রমিক ও তাদের স্বজনরা অংশ নেন।

রানা প্লাজা ধসের দেড় বছর পূর্তি উপলক্ষে শুক্রবার বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এরপর সেখানে কর্মসূচিতে যোগ দেয় টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন ও গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় সমন্বয়ক তাসলিমা আক্তার বক্তব্য রাখেন।

তিনি বলেন, ‘রানা প্লাজা ধসে ১১৭০ জনের উপরে নিহত হলেও মাত্র ৩৩২ জনকে ৪০ শতাংশ হারে গ্লোবাল ফান্ডের মাধ্যমে নামমাত্র অনুদান দেওয়া হয়েছে। যেটি যথাযথ নয়। এই ৩৩২ জনের মধ্যে অনুদানের পরিমাণ সমান নয়, এতে কেউ বেশি ও কেউ কম অনুদান পেয়েছেন।

তিনি আরও বলেন, ‘ভবন ধসের ১৮ মাস পার হয়ে গেছে এখনও ১৫৮ জনের বেশি শ্রমিক নিখোঁজ রয়েছেন। অথচ নিখোঁজ শ্রমিকদের পরিবার কোনো ক্ষতিপূরণ পায়নি।’

এসময় সমাবেশের অন্যান্য অনুদানের পরিমাণ কম-বেশি নয়, সকল ক্ষতিগ্রস্তকে বিশেষভাবে নিখোঁজ শ্রমিকদেরকেও নির্দিষ্টহারে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।

জেআই