বৃহস্পতিবার সকালে হকারমুক্ত ঘোষিত সড়কগুলো পরিদর্শনে গিয়ে এ কথা জানান ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি বলেন, পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট হয়ে নর্থ সাউথ রোড পর্যন্ত মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ বসলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ডিএসসিসি প্রশাসক বলেন, হকার সংগঠনগুলোর প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। তারাও স্বেচ্ছায় এসব মূল সড়ক ছেড়ে দেওয়ার অঙ্গীকার করেছেন। সবার সহযোগিতায় ফুটপাত ও সড়কে নগরবাসীর স্বস্তি ফিরিয়ে আনতে চায় সিটি করপোরেশন।
তবে নির্ধারিত স্থানে নিবন্ধিত হকারদের বসার সুযোগ থাকবে জানিয়ে আবদুস সালাম বলেন, রমনা ভবনসংলগ্ন পূর্ব পাশের ফুটপাতে সাধারণ মানুষের চলাচলের জায়গা রেখে নির্দিষ্ট স্থানে নিয়ম মেনে নিবন্ধিত হকাররা বসতে পারবেন।
তিনি বলেন, নির্ধারিত স্থান, সময়, সংখ্যা ও নিবন্ধনের বাইরে যত্রতত্র হকার বসে জনভোগান্তি তৈরির সুযোগ নেই। নিয়মের ব্যত্যয় ঘটালে কাউকে ছাড় দেওয়া হবে না।
হকারদের নিবন্ধন ফি কমানোর দাবির বিষয়ে তিনি বলেন, বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
পরিদর্শনকালে পল্টন মোড় থেকে গুলিস্তান জিরো পয়েন্ট পর্যন্ত মূল সড়ক ও ফুটপাত দখলমুক্ত করার কার্যক্রম তদারকি করেন ডিএসসিসি প্রশাসক। এ সময় সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও হকার সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এস
















