রাজধানীর বিমানবন্দর সড়কে দুর্ঘটনায় অন্তত ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে রেডিসন হোটেল সংলগ্ন ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিকের স্ত্রী শান্তনা বেগম (৪০), মেয়ে সাদিয়া রহমান অপু (১২), গাড়ির চালক ওয়াসিম (৩২) এবং কাজের ছেলে রুবেল (২৫)।, কন্যা, গাড়ির চালক এবং কাজের ছেলে।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক ইউসুফ আলী জানান, ফ্লাইওভারের ওপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় প্রাইভেট কারটি। এতে গাড়িটি ট্রাকের পেছনে ঢুকে যায়। এ ঘটনায় ওই চারজন আহত হন।
পরে উদ্ধার করে নিজের সিএনজি অটোরিকশায় করে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন অটোরিকশা চালক ইউসুফ। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় তাদের বহনকারী প্রাইভেট কার।
দুর্ঘটনার সময় ন্যাম ফ্ল্যাটের সরকারি বাসভবনে অবস্থান করছিলেন হুইপ আতিক। খবর পেয়ে তিনি ঢামেকে পৌঁছান।
উল্লেখ্য, হুইপ আতিউর রহমান জাতীয় সংসদের শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য।
এআর





