বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লালন মহুরীর বিরুদ্ধে সোহাগ সরনামত (২৫) নামে এক ছাত্রদল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শ্রমিক লীগ নেতার বাবা কাশেম মহুরীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রাখালতলা এলাকায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত সোহাগ উপজেলা সদরের বিএনপি নেতা ফারুক সরনামতের ছেলে।

নিহতের বন্ধু জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলযোগে সোহাগ ও অপর বন্ধু সাইফুল ইসলাম তাকে উপজেলার রাখালতলায় নিজ বাসায় পৌঁছে দেয়।

পরে তারা মোটরসাইকেলে উপজেলা শহরের উদ্দেশে ফিরে যায়। এ সময় পথে ওৎ পেতে থাকা চিহ্নিত সন্ত্রাসী ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক লালন মহুরী দলবল নিয়ে অতর্কিত হামলা চালায়।

এক পর্যায়ে ছাত্রদলকর্মী সোহাগকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কুপিয়ে হত্যা করে। এ সময় তার সঙ্গে থাকা জাহাঙ্গীর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষরা এ হত্যাকাণ্ড পরিকল্পিতভাবে ঘটিয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত লালন ফকিরের বাবা কাশেম ফকিরকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদেরকেও আটকের চেষ্টা করছে পুলিশ।

ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর