পাবনায় গাছ কাটতে গিয়ে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে দুই শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার দুপুর ১২টার দিকেজেলার আতাইকুলা থানাধীন ভুলবাড়িয়ার দোবোত্তর গ্রামেএ ঘটনা ঘটে।
আহত দুই শ্রমিক হলেন- সাঁথিয়া উপজেলার বোয়াইলমারী গ্রামের মোহাম্মদ আলী (৬০) এবং একই গ্রামের মজনু হোসেন (৩৮)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রসুল জানান, আব্দুস সাত্তারের গাছ কাটছিলেন মোহাম্মদ আলী ও মজনু। গাছ কাটার একপর্যায়ে মাটি খনন করতে গেলে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে তারা আহত হন।
তিনি জানান, পরে স্থানীয়রা আহত দুই শ্রমিককে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কারা এবং কি কারণে সেখানে বোমা পুঁতে রেখেছিল তা জানা যায়নি।
কেএইচ





