মুন্সীগঞ্জের লৌহজং থেকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে প্রার্থী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মাহবুবে আলম।
শনিবার উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশের মুক্তিযুদ্ধের দলিলপত্র, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীসহ বিভিন্ন গুণী লেখকদের বই উপহার দেয়ার সময় তিনি নিজের এই ইচ্ছের কথা জানান।
এসময় তিনি উপজেলার কলমা ইউনিয়নের ছাবরা বাড়ি মাদরাসায় নতুন ভবন নির্মাণের জন্য দুই লাখ টাকা অনুদান প্রদান করেন।
অ্যাটর্নি জেনারেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশকে যত জানবে, ততই দেশের প্রতি ভালোবাসা জন্মাবে। আর এই জন্য প্রয়োজন মানসম্পন্ন বই পড়া বিদ্যালয়গুলোতে গুরুত্বপূর্ণ বই উপহার পাওয়ায় আনন্দিত শিক্ষার্থীরা। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আরো বলেন, আমার চাওয়া-পাওয়ার আর কিছু নেই।
৯ বছর অ্যাটর্নি জেনারেল থেকেছি, সরকারের সমস্ত দায়িত্ব পালন করেছি। এখন সাধারণ মানুষের জন্য কিছু করার সুযোগটা আমি চাই। সুযোগ হলো- আওয়ামী লীগের সভানেত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা টিকিট দেবেন। আর জনগণ, যারা ভোট দেবেন। আমাকে কেউ কোটি টাকা দিয়ে কিনতে পারেনি। আমার প্রতি জনগণের আস্থা আছে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডা. আবু ইউসুফ ফকির, লৌহজং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ শামসুল তাবরীজ, লৌহজং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের কেন্দ্রীয় পর্ষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সেলিম আহমেদ মোড়ল, টঙ্গীবাড়ী সোনারং ইউনিয়ন আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক স্বপন মাঝি, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি রাসেল মাহমুদ ও সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর প্রমুখ।
এমএনজে





