স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘পাহাড়ে অহেতুক রক্তপাত হচ্ছে। সারাদেশে যেখানে শান্তির সুবাতাস বইছে, তখন কেন তিন পার্বত্য জেলায় রক্তপাতের খবর পাই? অশান্ত পার্বত্য চট্টগ্রামকে শান্ত করার জন্য যে শান্তিচুক্তি করা হয়েছে, তারই আলোকে এখানে শান্তির সুবাতাস ছড়িয়ে দিতে আমরা বদ্ধপরিকর।

শান্তির সুবাতাস দেশের সব জেলার মতো পার্বত্য তিন জেলায়ও সমানতালে ছড়িয়ে দিতে আমরা কাজ করছি।’

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে তিন পার্বত্য জেলার আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী এসময় পার্বত্য শান্তি চুক্তিকে মেনে পার্বত্য চট্টগ্রামে শান্তির সুবাতাস আনতে সকলকে ঐকবদ্ধভাবে কাজ করার আহবান জানান।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশেসিং, রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার, পুলিশ মহাপরিদর্শক ডক্টর মো. জাবেদ পাটোয়ারী, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানসহ তিন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান, তিন পার্বত্য জেলা প্রশাসক, পুলিশ ও বিজিবিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএস