গোপালগঞ্জে নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ মন্ডল (২৮) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরে সদর উপজেলার ভেন্নাবাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিকাশ মন্ডল কাশিয়ানী উপজেলার পাথর গ্রামের অরবিন্দু মন্ডলের ছেলে। বিকাশ সাতপাড় বাজারে একটি সারের দোকানের কর্মচারী হিসেবে কর্মরত ছিলেন।
গোপালগঞ্জ বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, ব্যবসায়িক কাজে মোটরসাইকেল চালিয়ে সাতপাড় বাজার থেকে টেকেরহাট যাচ্ছিলেন বিকাশ। এ সময় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের ভেন্নাবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে একটি নসিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এতে ওই মোটরসাইকেল চালক মারাত্মক আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে তিনি মারা যান।
ইআর





