ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, কবি নজরুল ছিলেন প্রাণের কবি, চেতনার কবি ও মানবতার কবি। কবি নজরুল শুধু বাঙ্গালীর কবি নন, বাঙ্গালীর আশা-আকাঙ্খার প্রতীক, তিনি বিশ্বেরও কবি। নজরুলের বাণী, কবিতা ও গান আমাদের উজ্জীবিত করেছে, অনুপ্রেরণা যুগিয়েছে। যা দেশে-বিদেশে সমাদৃত।
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে কবির বাল্য স্মৃতি বিজরিত ত্রিশালের দরিরামপুর নজরুল মঞ্চে আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ধর্মমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধে তার কবিতা ও গান বাঙ্গালী জাতিকে উদ্বুদ্ধ ও উজ্জীবীত করেছে, অনুপ্রেরণা যুগিয়েছে। নজরুলের স্মৃতিকে ভবিষ্যত প্রজন্মের জন্য ধরে রাখতে হবে কাজের মধ্য দিয়ে।
জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাপার প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, ডা. এম আমানউল্লাহ এমপি, সাবেক এমপি মাওলানা রুহুল আমিন মাদানী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, পৌর মেয়র এবিএম আনিসুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে নজরুল স্মারক বক্তা ছিলেন জাতীয় কবিতা পরিষদের উপদেষ্টা কবি হাবিবুল্লাহ সিরাজী।
এর আগে ধর্মমন্ত্রী ত্রিশাল পৌঁছলে সাবেক এমপি মাওলানা রুহুল আমিন মাদানীর পক্ষ থেকে মটর সাইকেল শোভাযাত্রাসহ ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এসএইচ





