নোয়াখালীর সেনবাগে মাটিবাহী পাওয়ার টিলার উল্টে শহিদুল ইসলাম (২০) নামের এক হেলপার নিহত হয়েছেন।

শহিদুল সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের ফকিরহাট এলাকার সওদাগর বাড়ির মানিকুর রহমানের ছেলে।

রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার নবীপুর ইউনিয়নে লেমুয়া-ছিলোনিয়া সড়কের কালারট্যাক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে একটি মাটিবাহী পাওয়ার টিলার উপজেলার লেমুয়া-ছিলোনিয়া সড়ক দিয়ে নবীপুরের দিকে যাচ্ছিল। গাড়িটি সড়কের কালারট্যাক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যায়। এতে পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে হেলপার শহিদুল ইসলাম ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল জানান, লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

কেএইচ