দীর্ঘ দিন ধরে ঢাকা সিটি কর্পোরেশন (ডিসিসি) নির্বাচন না হওয়ার পিছনে কারণ দেখালেন নির্বাচন কমিশনার শাহ নেওয়াজ। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকাকে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি।
সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয় সাংবাদিকদেরকে শাহ নেওয়াজ বলেন, "ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি থাকলেও সীমানা নিয়ে জটিলতা থাকার কারণে নির্বাচন সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। এ জটিলতা নিরসনে কমিশনের পক্ষ থেকে বার বার স্থানীয় সরকার মন্ত্রণালয়কে (এলজিআরডি) তাগিদ দেয়া হলেও কোনো সাড়া মেলেনি।"
এ নির্বাচন কমিশনার বলেন, "নির্বাচন কমিশন সব সময়ই সব ধরনের নির্বাচন করতে প্রস্তুত। তেমনি ডিসিসি নির্বাচন করার প্রস্তুতিও কমিশনের রয়েছে। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সুলতানগঞ্জে তিনটি ওয়ার্ড নতুন করে সংযোজন করা হয়েছে। এগুলোর চূড়ান্ত সীমানা নির্ধারণ করা হয়নি।"
উত্তরে নির্বাচন কেন হচ্ছে না-এমন প্রশ্নের জবাবে শাহ নেওয়াজ বলেন, ‘উত্তরেও সীমানা জটিলতা রয়েছে। ওখানে কিছু সীমানা বর্ধিত করা হয়েছে।"
কবে নাগাদ দুই ডিসিসির নির্বাচন হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচন কমিশন যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। সরকার বা স্থানীয় সরকার মন্ত্রণালয় উদ্যোগ নিলে আমরা দ্রুত নির্বাচন করতে পারব।"
নভেম্বরে ডিসিসি নির্বাচন হবে, কিছু গণমাধ্যমে সংবাদ প্রকাশের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি এ সংবাদ উড়িয়ে দিয়ে বলেন, "কমিশনের কাছে পূর্ণাঙ্গ কোনো ভোটার তালিকা বা সীমানা না থাকায় কমিশন এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি।"
ঢাকা,৪আগস্ট (টাইমনিউজবিডি.কম)//এএম//জেডআই





