ঢাকা-বরিশাল নৌপথে নামছে বিআইডব্লিউটিসির নতুন আরেকটি জাহাজ এমভি মধুমতি। মঙ্গলবার থেকে এই নৌরুটে জাহাজটি চলাচল করবে।
সোমবার নৌপরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এমভি মধুমতির যাত্রা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন।
এসময় সদরঘাটে অবস্থান করবে জাহাজটি আর যাতে অবস্থান করবেন নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানও বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যান মো. মিজানুর রহমান।
২৬ কোটি ৫৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) জন্য বিলাসবহুল এ জাহাজটি তৈরি করেছে ওয়েস্টার্ন মেরিন।
দ্বি-তল বিশিষ্ট এই জাহাজটির যাত্রী ধারণক্ষমতা ৭৫০ জন। এর দৈর্ঘ্য ৭৫.৫০ মিটার এবং প্রস্থ ১২.৫০ মিটার।
ওয়েস্টার্ন মেরিন কোম্পানির সঙ্গে ২০১২ সালের ৪ অক্টোবর মধুমতি নির্মাণে চুক্তি হয়। চুক্তি অনুযায়ী নির্মাণ শেষে জাহাজটি বিআইডব্লিউটিসির কাছে হস্তান্তর করা হয়।
জাপানি শক্তিশালী ২ ইঞ্জিন বিশিষ্ট জাহাজটিতে চারটি ভিআইপি ফ্যামিলি স্যুট (গোলাপ, শাপলা, টিউলিপ, পদ্ম) রয়েছে। প্রথম শ্রেণির সিঙ্গেল ফেমিলি স্যুট (ডাবল বেডের কাপল) ১৮টি।
প্রথম শ্রেণির সিঙ্গেল কেবিন ৪টি, ডাবল কেবিন ৩৪টি এবং ২য় শ্রেণির চেয়ার সিট ৪২টি। এছাড়া ডেকে ৫৫০ জন যাত্রীর জায়গা রয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, জাহাজটিতে নিরাপদ ভ্রমণের নিশ্চয়তা রয়েছে। ঝড় হলেও এ জাহাজের যাত্রীদের ভয়ের কিছু নেই। জাহাজটিতে পর্যাপ্ত ভেন্টিলেশন ব্যবস্থা থাকায় ঝড়ো হাওয়ায় দুঘর্টনার আশঙ্কা খুবই কম।
এমএ/এআই





