কুষ্টিয়ার মিরপুরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মালাকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত হলেন, কাতলামরি এলাকার আবুল হোসেনের ছেলে রনজিত (২৩), দৌলতপুর উপজেলার মক্কেলের ছেলে মনিরুল (২১), আমলা এলাকার আবুল (২২) ও রাসেল (৩৫), মিরপুর উপজেলার বাদল, আব্বাস (৫২) এবং মশান গ্রামের মজিদ (২৩) ও আবু বক্কর (১১)। অন্যদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

মিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী একটি বাস মালাকারপাড়া এলাকায় একটি ট্রাককে অতিক্রম করার সময় ধাক্কা লাগলে চলন্ত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে দশ জন আহত হন।

কেএইচ