আ.লীগ নেতার দলীয় মনোনয়ন প্রাপ্তির খবরে খুশিতে বিএনপি’র এক নেতা ছাগল জবাই করে ভুঁড়িভোজের আয়োজন করেছেন।

আ.লীগ নেতার নৌকা প্রতীক প্রাপ্তিতে বিএনপি নেতার এমন ভুঁড়িভুজের খবরে এলাকার বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতুহল ও সমালোচনার সৃষ্টি হয়।

গতকাল শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনার চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদুল ইসলাম বকুল নৌকা প্রতীক পাওয়ায় ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ও ইউপি সদস্য আনোয়ার হোসেন এই ভুড়িভোজের আয়োজন করেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, তৃতীয় ধাপে ইউপি নির্বাচনে চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়নের আ.লীগের দলীয় নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

এতে মূলগ্রাম ইউনিয়নে আ.লীগের দলীয় মনোনয়ন পান ইউনিয়ন আ.লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল।

তার এই দলীয় মনোনয়ন ঘোষণা হবার পরে আনন্দে উৎফুল্ল হয়ে জগতলা গ্রামের নিজ বাড়ির সামনে বিএনপি নেতা আনোয়ার হোসেন একটি ছাগল জবাই করে ভুঁড়িভুজের আয়োজন করেন।

তার এমন ভুঁড়িভুজের আয়োজনে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা হতবাক হয়েছেন।

এ বিষয়ে ইউপি সদস্য ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘বর্তমানে বিএনপির কোনো কমিটি নেই। বর্তমান চেয়ারম্যান রাশেদুল ইসলাম বকুল আমার ভাগ্নে।

আমি মেম্বার, তিনি আমাদের পরিষদের চেয়ারম্যান। আমি এবারও মেম্বার পদপ্রার্থী। আমার নির্বাচনী প্রচারণা শুরু ও আমার চেয়ারম্যান মনোনয়ন পেয়েছেন।
সেই খুশিতে আয়োজন করেছি। এখানে দলীয় কোনো বিষয় নেই।’

মূলগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি লিখন বিশ্বাস বলেন, ‘বিএনপি যেহেতু নির্বাচনে যাচ্ছে না।

সেখানে আনোয়ার হোসেন মেম্বার পদে নির্বাচন করবেন, আওয়ামী লীগ নেতার মনোনয়ন প্রাপ্তিতে ভুঁড়িভোজ করবেন, এ বিষয়টি দুঃখজনক ও লজ্জাজনক।
আমরা বিষয়টি আরও ভালভাবে জেনে দলীয়ভাবে সিদ্ধান্ত নেবো।’

এইচএন